আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কুমিল্লা জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক পাচার ঠেকাতে গত এক মাস ধরে পরিচালিত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ডিবি পুলিশ একাই ৪৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এছাড়া একটি বিদেশি পিস্তল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।